• Home
  • খেলা
  • ৭১ রানের বিশাল জয়, এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
Image

৭১ রানের বিশাল জয়, এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

নারী এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদা আক্তারের দারুণ স্পেলের সঙ্গে মারুফা আক্তারের কার্যকর বোলিংয়ে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া।

বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ আগ্রাসী ছিল ইন্দোনেশিয়ার। ওপেনার মারিয়া ও প্যাঙ্গেসতুতির ব্যাটিংয়ে প্রথম দিকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় বাংলাদেশকে।

তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মারুফা আক্তারের পরপর দুই আঘাতে ইন্দোনেশিয়ার ব্যাটিংয়ে ধস নামে। এরপর মেঘলা, নাহিদা ও ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ।

ইন্দোনেশিয়ার হয়ে সর্বোচ্চ ১২ রান করেন ওপেনার মারিয়া। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৫৮ রানেই অলআউট হয়ে যায় দলটি।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাহিদা আক্তার। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মারুফা আক্তার পান ২ উইকেট।

সোমবার (৩১ আগস্ট) দুইাবয়ে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইন্দোনেশিয়া। শুরুতেই ১৬ রানে জুয়াইরিয়া ফেরার পর দলের হাল ধরেন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি।

দুজন মিলে যোগ করেন ৪০ রান। ২৭ রান করে দিলারা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর সোবহানা এগিয়ে নেন ইনিংস। ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪০ রান করে তিনিই হন বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেয়। মাত্র ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩১ রান করেন তিনি।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার হয়ে আরিয়ানি নেন ৩ উইকেট।

৭১ রানের বড় জয়ে এশিয়া কাপের অভিযান শুরু হলো বাংলাদেশের। আগামী রোববার একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৮
সোবহানা ৪০, স্বর্ণা ৩১*, দিলারা ২৭; আরিয়ানি ৩/২৮।

ইন্দোনেশিয়া: ১৭.৩ ওভারে ৫৮/১০
মারিয়া ১২, প্যাঙ্গেসতুতি ৯; নাহিদা ৩/১৫, মারুফা ২/৬।

ফল: বাংলাদেশ ৭১ রানে জয়ী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »