বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্ব প্রতিনিয়ত আরও সুদৃঢ় ও মজবুত হচ্ছে। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
সারাহ কুক বলেন, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্য দৃশ্যমান ও বাস্তব সুফল বয়ে আনতে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা তাকে জানিয়েছি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমাদের আলোচনায় যৌথ অগ্রাধিকারের বিষয় উঠে এসেছে। যার মধ্যে রয়েছে- বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন বিষয়ক সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।
তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে রয়েছে একটি দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, যা আমাদের দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগের মেলবন্ধন এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিবিড় সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।














