মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।রোববার (৩০ আগস্ট) ভাঙ্গা উপজেলা হামিরদি ইউনিয়নের বাসস্টান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম উপপরিচালক (লিসাসা), কৃষিবিদ শাহাদুজ্জামান উপ- পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ফরিদপুর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি উপকরণের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। কৃষকদের মাঝে উন্নতমানের চারা বিতরণ কার্যক্রমকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন কৃষক উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত হবে।
বিশেষ অতিথি কৃষিবিদ নজরুল ইসলাম বলেন কৃষকদের এ ধরনের উদ্যোগের সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা বলেন, কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। কৃষকদের মধ্যে বিতরণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন।
আয়োজকরা জানান, কৃষকদের উৎসাহিত করা এবং কৃষি ও পরিবেশের উন্নয়নে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।



















