• Home
  • দেশ
  • কাউনিয়ায় থামছে না যানবাহন চুরি, নিরাপত্তাহীনতায় চালকরা
Image

কাউনিয়ায় থামছে না যানবাহন চুরি, নিরাপত্তাহীনতায় চালকরা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে স্থানীয় চালক ও মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

চোরচক্র কাউনিয়ার বিভিন্ন এলাকা থেকে সুযোগ বুঝে এসব যানবাহন চুরি করে নিয়ে যাচ্ছে। রেলস্টেশন, হাসপাতাল চত্বর, হাটবাজার, মসজিদের সামনে, বিভিন্ন অফিসের সামনে এমনকি বাড়ির আঙিনা থেকেও চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা ও বাইসাইকেল চুরি হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে মোটরসাইকেল মালিক ও অটোচালকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়েছে।

জানা গেছে, গত এক বছরে কাউনিয়ায় প্রায় ২০টি মোটরসাইকেল, ১০টি বাইসাইকেল ও ৮টি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির খবর পাওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার কাউনিয়া রেলস্টেশন জামে মসজিদের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এর আগের দিন বুধবার রেজিস্ট্রি অফিস মসজিদের সামনে থেকে মুয়াজ্জিনের একটি বাইসাইকেল চুরি যায়।

এছাড়া এর আগে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং মহিলা কলেজের সামনের একটি বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

সর্বশেষ অটোরিকশা চুরির ঘটনায় জানা যায়, লালমনিরহাটের তিস্তা এলাকার এক অটোচালক যাত্রী নিয়ে কাউনিয়া রেলস্টেশনে আসেন। ওই যাত্রী অটোরিকশাটি মসজিদের সামনে রেখে তার সঙ্গে যেতে বলেন এবং পাশের একজনের কাছ থেকে কম্পিউটার নিয়ে আসার কথা জানান। সরল বিশ্বাসে অটোচালক তার সঙ্গে গেলে ওই ব্যক্তি তাকে স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকতে বলেন এবং কম্পিউটার নিয়ে আসার কথা বলে চলে যান। দীর্ঘ সময় অপেক্ষা করেও তিনি ফিরে না আসায় অটোচালক মসজিদের সামনে এসে দেখেন, তার অটোরিকশাটি নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। অটোরিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই চালক।

কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির সভাপতি ফিরোজ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ব্যাপক হারে বেড়েছে। এতে চালকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, অটোরিকশা চুরির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চোরচক্রের হোতাদের গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »