• Home
  • দেশ
  • চলনবিলে প্রশাসনের অভিযানে ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
Image

চলনবিলে প্রশাসনের অভিযানে ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চলনবিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিংড়া পৌরসভার নিংগইন সংলগ্ন চলনবিলে অভিযানটি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের উপস্থিতিতে মৎস্য বিভাগের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। বিলে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ৬৯টি জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ছাই করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চলনবিলে নতুন পানি আসার পর থেকেই অসাধু চক্র মা মাছ ও পোনা মাছ নিধনে মেতে উঠেছে। নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহারের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। চলনবিলের দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »