পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার পাঁচটি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুর, মহারাজার পুকুর, জেলা জজ কোর্ট পুকুর, বিজিবি ক্যাম্পের পুকুর এবং রজলীতে নবনির্মিত খনন খালে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়সহ সংশ্লিষ্টরা।
এছাড়াও অন্যান্য জলাশয় মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. কে, এম, আব্দুল হালিম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আনজুমান্দবানু মুক্তি প্রমুখ।
পঞ্চগড় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, উপজেলা সদর এলাকার পাঁচটি জলাশয়ে মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব পোনা বড় হলে জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও প্রাকৃতিক জলাশয়ে মাছের আধার সমৃদ্ধ করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবমুক্ত করা মাছ সংরক্ষণে সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, সরকারি জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছ সংরক্ষণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পোনা অবমুক্ত করার পাশাপাশি জলাশয়গুলোতে যাতে অবৈধভাবে মাছ শিকার করা না হয়, সেদিকেও নজর রাখা হবে। জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে স্থানীয় জনগণসহ সবাই এর সুফল ভোগ করতে পারবেন।















