• Home
  • বিনোদন
  • দ্বিতীয়বারের মতো ক্যানসারে আক্রান্ত উপস্থাপক সামিয়া, চলছে কেমোথেরাপি
Image

দ্বিতীয়বারের মতো ক্যানসারে আক্রান্ত উপস্থাপক সামিয়া, চলছে কেমোথেরাপি

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরই মধ্যে নতুন করে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে রোববার (২৩ আগস্ট) রাতে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া। তিনি জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। এরপর দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে এই রোগের চিকিৎসায় তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এর আগে ক্যানসারের চিকিৎসায় তাকে কেমোথেরাপি নিতে হয়নি। সামিয়া বলেন, প্রথমবার তার চিকিৎসা ইমিউনোথেরাপির মাধ্যমে চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই তার কাছে একেবারেই ভিন্ন। কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে চিকিৎসকদের কাছ থেকে এমন সতর্কতা পাওয়ার পর বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে বরং মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তিনি।

নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে সামিয়া বলেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে জানার পর বিষয়টি নিয়ে মন খারাপ না করে তিনি স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতিকে মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; বরং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, চুল পড়ে যাওয়ার আগেই নতুন লুকটি উদযাপন করে নিজেকেই অনুপ্রাণিত করতে চেয়েছেন। সেই মুহূর্তের একটি ছোট ভিডিও ক্লিপও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

সামিয়া বলেন, যারা ক্যানসারের এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। নিজের কাছের কোনো মানুষকে যেন কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয় এমন প্রত্যাশাও জানিয়েছেন তিনি। কঠিন এই সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, আল্লাহ যেন তার জন্য সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন তিনি নিজের শক্তি ধরে রাখতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর ধরে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য একটি ফাউন্ডেশন গড়ে তুলে তাদের পাশে দাঁড়ানোর কাজও শুরু করেন সামিয়া। এবার নতুন করে ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হলো তার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »