রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়।
দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর দেশে এবার সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রম।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ১৩ আগস্ট মনোনয়নপত্র জমার দিনে মির্জা ফখরুলের পক্ষে একটি এবং ড. অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হলেও একই প্রার্থীর দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে বাদ পড়ে। ফলে চূড়ান্তভাবে দুই প্রার্থী নির্বাচনে রয়েছেন।
১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আজ দুই প্রার্থীর মধ্যেই ভোট হচ্ছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে।সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমানে মোট ভোটার ৩৪৯ জন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী কর্তা হিসেবে পুরো ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন। একাধিক বৈধ প্রার্থী থাকলে ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।
দেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সে সময় বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসেন।
















