জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় ভোটের পুরো প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়েছেন হিচিলেমা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট।
আল জাজিরার প্রতিবেদন সূত্রে,এবারের নির্বাচন ছিল হিচিলেমার প্রেসিডেন্ট হওয়ার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তার বাড়তি সুবিধা থাকায় নির্বাচনে জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।
১৩ আগস্টের ভোটের আগে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও নির্বাচনের দিন-রাতে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের কয়েকজন শীর্ষ নেতাও ছিলেন। অভিযানের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুন্ডুবিলে।
পরদিন ভোট গণনা কয়েক ঘণ্টার জন্য স্থগিত করে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের কর্মীদের ওপর সহিংসতা এবং ব্যালট পেপার চুরির অভিযোগ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মুন্ডুবিলে অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফলের ফরম পরিবর্তন করার সম্ভাব্য তথ্য তিনি পেয়েছেন। এ বিষয়ে দ্রুত স্বাধীন তদন্তেরও দাবি জানান তিনি।
তবে মুন্ডুবিলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিচিলেমার শিবির। তাদের দাবি, বিরোধী প্রার্থী মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
নির্বাচন ঘিরে অভিযোগ ও উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করলেন হিচিলেমা।

















