হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। প্রস্তাবিত ওই আইনে তেহরান যেসব দেশকে ‘শত্রুভাবাপন্ন’ মনে করে, সেসব দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি ছাড়া উপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলা হয়েছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আজিজির মতে, প্রস্তাবিত আইনটি ইরানের তেলশিল্প জাতীয়করণের পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রসর আইনগুলোর একটি হতে যাচ্ছে।
আজিজি বলেন, বিলটি পাস হলে ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ ইরানের অনুমোদন ছাড়া উপসাগরে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করাই এই আইনের লক্ষ্য।
গত ৯ আগস্ট কমিটির মুখপাত্র হাসান গাশঘাভি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি ও উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে কমিটি।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও চূড়ান্ত কোনও সমঝোতা হয়নি।
এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। আর এটি বিশ্ববাজারে জ্বালানির দামের ওপরও প্রভাব ফেলছে।














