ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (৮ আগস্ট) রাতে অনুষ্ঠিত ফোনালাপে দুই দেশের ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন তারা।
ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার উপায় নিয়ে ভ্যান্সের সঙ্গে তার আলোচনা হয়েছে।
ফোনালাপে ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকে তাদের পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান মোদি। একই সঙ্গে ভ্যান্সের পুরো পরিবারের জন্য শুভকামনা জানান তিনি।
মোদি তার পোস্টে লেখেন, ভাইস প্রেসিডেন্ট ও সেকেন্ড লেডিকে তাদের পুত্রসন্তানের জন্মে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং পুরো পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।
তবে দুই নেতার মধ্যে ঠিক কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মোদি-ভ্যান্সের এ ফোনালাপের খবর সামনে এলো। এর আগে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে।
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওই চুক্তিকে নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এদিকে শনিবার ভ্যান্স জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি নিরাপদ পথ তৈরির জন্য কাজ করছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যেই মোদি ও ভ্যান্সের সর্বশেষ ফোনালাপ অনুষ্ঠিত হলো।



















