• Home
  • বিনোদন
  • ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে ওমর সানীর ভালোবাসার বার্তা
Image

৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে ওমর সানীর ভালোবাসার বার্তা

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। পর্দায় জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পাওয়া এই দুই তারকা বাস্তব জীবনেও দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে একে অপরের সঙ্গী।

নানা চড়াই-উতরাই পেরিয়ে তাদের দাম্পত্য জীবন পেরিয়েছে ৩১ বছর।বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ওমর সানী। একটি ছবি পোস্ট করে তিনি ফিরে দেখেছেন তাদের দীর্ঘ পথচলার শুরুর সময়। তার সেই পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

ফেসবুকে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত।আমিন।’

ওমর সানী ও মৌসুমীর প্রেম ও দাম্পত্য জীবনের গল্পের শুরু অবশ্য আরো আগে। ১৯৯২ সালে প্রথমবার তাদের দেখা হয়। তখন ওমর সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়।

পরিচালক শেখ নজরুল ইসলাম একটি নতুন সিনেমায় দুজনকে একসঙ্গে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে মৌসুমীর বাসায় তাদের প্রথম দেখা ও আলাপ হয়।যদিও নানা ব্যস্ততার কারণে সেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী।

এরপর ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। সিনেমাটির শুটিংয়ের সময় তাদের মধ্যে কিছুটা মনোমালিন্যও হয়েছিল। তবে সেই ঘটনাই যেন ওমর সানীর মনে মৌসুমীকে ঘিরে অন্য রকম মায়া ও ভালোলাগার জন্ম দেয়।

পরবর্তী সময়ে সেই ভালোলাগা রূপ নেয় ভালোবাসায়। এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। এরপর দেখতে দেখতে একসঙ্গে ৩১ বছর পার করেছেন তারা। তাঁদের সংসার আলোকিত করেছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।

দীর্ঘ দাম্পত্য জীবনের এই বিশেষ দিনে ওমর সানীর আবেগঘন বার্তায় আবারও উঠে এসেছে স্ত্রী মৌসুমীর প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »