রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম কমাতে আজ সোমবার (৩ আগস্ট) থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আশা করছে, আমদানি করা কাঁচামরিচ বাজারে আসতে শুরু করলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
গতকাল রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেও আজ থেকে কাঁচামরিচ আমদানির অনুমতির বিষয়টি জানানো হয়।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত সপ্তাহে বিভিন্ন বাজারে কাঁচামরিচের দাম ছিল প্রায় ২০০ টাকা কেজি। দুই-তিন দিন আগে তা ৪০০ টাকা পর্যন্তও উঠেছিল।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিভিন্ন অঞ্চলের বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। পাশাপাশি ভারত থেকে কাঁচামরিচ আমদানি না হওয়াকেও সরবরাহ কমার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন বিক্রেতারা।
রাজধানীর কারওয়ান বাজার, রায়েরবাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক ভালো মানের মরিচের দাম কোনো কোনো দোকানে আরও বেশি চাওয়া হচ্ছে।
টাউন হল মার্কেটের সবজি ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, বর্ষার কারণে অনেক এলাকায় মরিচগাছ নষ্ট হয়ে গেছে। কোথাও গাছ পচে যাচ্ছে, আবার কোথাও ক্ষেত পানিতে ডুবে রয়েছে। ফলে আড়তে পর্যাপ্ত মরিচ আসছে না। রোববারও তিনি আড়ত থেকে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় কিনেছেন বলে জানান।
শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। আমদানি করা কাঁচামরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে বা মূল্য কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।
এর আগে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বৈঠক হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। বৈঠক শেষে তারা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে কয়েকটি উৎপাদন এলাকায় কাঁচামরিচের সরবরাহ কমে বাজারে সাময়িক চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত আমদানির অনুমতি ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












