বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম সপ্তাহেই দারুণ ব্যবসা করছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। কিন্তু সিনেমাটি নিয়ে উন্মাদনার মধ্যেই ঘটে গেছে বড় ধরনের কপিরাইট লঙ্ঘনের ঘটনা। সিনেমাটির একটি পাইরেটেড ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়ে, যা কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৫৯ লাখ অ্যাকাউন্টে পৌঁছে যায়।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ফ্রেডরিক ব্রায়ান নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি সরিয়ে নেয়ার আগ পর্যন্ত এতে ১ লাখ ৪৩ হাজারের বেশি লাইক এবং ১০ হাজারের বেশি শেয়ার হয়। শেষ পর্যন্ত বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে কপিরাইট অভিযোগের ভিত্তিতে ভিডিওটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়।
শুধু একটি নয়, আরও কয়েকটি এক্স অ্যাকাউন্টেও সিনেমাটির কপি আপলোড করা হয়েছিল। তবে সেগুলোর বেশির ভাগই অল্প সময়ের মধ্যে মুছে ফেলা হয়। সাধারণত কোনো নতুন সিনেমার অবৈধ কপি অনলাইনে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট স্টুডিও কপিরাইট লঙ্ঘনের অভিযোগ জানিয়ে তা অপসারণের উদ্যোগ নেয়। তবে জনপ্রিয় সিনেমার ক্ষেত্রে অসংখ্য অ্যাকাউন্টে একই সঙ্গে কপি ছড়িয়ে পড়ায় সবগুলো দ্রুত সরিয়ে ফেলা কঠিন হয়ে পড়ে। এ ঘটনায় সনি পিকচার্স কোনো মন্তব্য করেনি।
এর আগেও বড় বাজেটের সিনেমা অনলাইনে ফাঁস হয়েছে। গত সপ্তাহে পরিচালক ক্রিস্টোফার নোলান-এর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-র পাইরেটেড সংস্করণও এক্সে প্রকাশ হয়েছিল। মাত্র আড়াই ঘণ্টায় সেটি ২১ লাখ বার দেখা হয়। পরে ভিডিওটি সরিয়ে দেওয়া হয় এবং যে অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়। ‘দ্য ওডিসি’ ফাঁস হওয়ার ঘটনায় ইউনিভার্সাল পিকচার্স জানায়, অবৈধভাবে সিনেমাটি প্রকাশের বিষয়টি জানতে পেরেই তারা দ্রুত অপসারণের ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি কপিরাইট ও মেধাস্বত্ব রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
তবে অনলাইনে ফাঁস হওয়ার ঘটনা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর বক্স অফিস সাফল্যে তেমন প্রভাব ফেলতে পারেনি। সিনেমাটি মুক্তির আগের প্রিভিউ প্রদর্শনী ও মঙ্গলবারের আগাম শো মিলিয়ে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা সিনেমার ইতিহাসে প্রিভিউ থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর, যার প্রিভিউ আয় ছিল ৬ কোটি মার্কিন ডলার।
নতুন এই সিনেমায় আবারও টম হল্যান্ডকে দেখা যাচ্ছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান চরিত্রে। তার সঙ্গে জেনডায়া ফিরেছেন এমজে চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল এবং জ্যাকব ব্যাটালন।

















