• Home
  • আন্তর্জাতিক
  • নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা, যা বললেন মামদানি
Image

নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতা, যা বললেন মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি সমর্থন জানালেও, সেটি কার্যকর করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটি প্রশাসনের হাতে নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।আল-জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি এ বক্তব্য দেন।

ভিডিওতে তিনি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সিটি প্রশাসনের পক্ষে সম্ভব কি না, সে বিষয়ে প্রযোজ্য আইন গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে।

মামদানি বলেন, ওই পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন পরোয়ানা বাস্তবায়নের আইনি ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের রয়েছে। ফলে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নিজস্বভাবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই।

তবে আইনি সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরলেও নেতানিয়াহুর প্রতি নিজের অবস্থান স্পষ্ট করেন নিউ ইয়র্কের মেয়র। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার করে বলতে চান—বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা অবাধে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না।

এর আগে মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের সম্ভাবনা তিনি বিবেচনা করছেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই মন্তব্যের পরই মামদানির এই সর্বশেষ অবস্থান সামনে এলো।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের কথিত গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »