রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর আসে, ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এসআই আরও জানান, সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থায়ী বাসিন্দা। তার বাবা মৃত শাহাদত হোসেন। তিনি বেকার ছিলেন। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।















