দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১৩৩ আরোহী বহনকারী একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এখনও অনেক যাত্রীর সন্ধান না মেলায় উদ্ধারকারী দল সমুদ্রজুড়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সময় শনিবার রাজধানী জর্জটাউন থেকে ছেড়ে যাওয়ার পর এমভি বারিমা নামের ফেরিটি দুর্ঘটনার শিকার হয়। ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন নাবিক বা ক্রু সদস্য ছিলেন।
রাত ১১টা ১ মিনিটে (রোববার ০৩:০১ জিএমটি) জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী সংস্থা, কোস্টগার্ড এবং বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।
গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডগিল বলেন, ফেরিতে থাকা সবাইকে খুঁজে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। রোববারও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেনও রয়েছেন। তিনি আরও বলেন, ক্যাপ্টেন উদ্ধার অভিযানে সহায়তা করতে আবার ঘটনাস্থলে ফিরে গেছেন এবং অনুসন্ধান কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিটি অনুমোদিত ওজনসীমার মধ্যেই চলছিল। ৩০০ জনের বেশি যাত্রী বহনের সক্ষমতা থাকলেও এতে মোট ১৩৩ জন আরোহী ছিলেন।
উদ্ধার অভিযান এবং স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তি ও নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যদের সহায়তায় একটি বিশেষ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে যাত্রা করা ফেরিটি আয়রন পন্ট এলাকার কাছে উল্টে যায়।
গায়ানা কর্তৃপক্ষ জানিয়েছে, এমভি বারিমা ফেরিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি শক্ত কাঠামোর লাইফক্রাফট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফক্রাফট ছিল। ১৯৩৯ সালে নির্মিত ৪০ মিটার দীর্ঘ ফেরিটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।
সূত্র: বিবিসি












