• Home
  • অর্থ-বাণিজ্য
  • টানা বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে চাল-মুরগির দামও
Image

টানা বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে চাল-মুরগির দামও

সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে কিছু কিছু এলাকায় পানি জমার কারণে কাঁচাবাজারের সরবরাহে ঘাটতি রাজধানীর বাজারগুলোতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বৃদ্ধিসহ কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সপ্তাহের ব্যবধানে চাল, ব্রয়লারসহ ডিমের দামও বেড়েছে।

সরেজমিনে শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও এবং নিউমার্কেট এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।এদিকে সবজিসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে সবজিবাহী ট্রাক ঢুকতে দেরি হচ্ছে। এতে চাহিদার তুলনায় পণ্যের জোগান কম দেখা দিয়েছে।

এছাড়া, টানা ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। যে কারণে দাম বেড়েছে বলে দাবি করছেন অনেক ব্যবসায়ী। অন্যদিকে সরবরাহের এ সমস্যার কারণেও কিছু অসাধু ব্যবসায়ী সবজির দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন ভোক্তারা।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে চাল, ব্রয়লার মুরগি, বেগুন ও কাঁচামরিচসহ বেশ কিছু পণ্যের দাম বাড়তির তথ্য তুলে ধরেছে।

রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে, যা কয়েক দিন আগেও সবজিভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে। এছাড়া, এক সপ্তাহ আগেও যে লাউ বিক্রি হয়েছে ৬০ টাকা, তা এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছেছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম আছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. মাসুদ মোল্লা বলেন, বৃষ্টির কারণে রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমেছে। এছাড়া, দেশের অনেক জায়গায় সবজি ক্ষেতও নষ্ট হয়ে গেছে। এসব কারণে সবজি, কাঁচামরিচের দাম বাড়তি। তিনি বলেন, টানা কয়েক দিন আবহাওয়া ভালো হলেই দাম কমে আসবে।

বাজার করতে আসা এক ক্রেতা মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের মতে, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

দাম বেড়েছে দেশি রসুনের। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৯০ থেকে ১৪০ টাকা থাকলেও বর্তমানে তা ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ টাকা কমে তা ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সরু ও মোটা দুই ধরনের চালের দামই বেড়েছে। সরু চালের (নাজির বা মিনিকেট) সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৭২ টাকায় উঠেছে। বর্তমানে এ চাল প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, মোটা চালের (স্বর্ণা বা চায়না ইরি) সর্বনিম্ন দাম ৪৮ থেকে বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাঝারিমানের চাল পাইজাম বা লতার দাম বাড়েনি। প্রতি কেজি পাইজাম বা লতা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৮ টাকার মধ্যে।

বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। স্বল্প আয়ের মানুষের প্রোটিনের বড় উত্স ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা। বৃষ্টির কারণে খামারিরা মুরগি ঠিকমতো সরবরাহ করতে না পাড়ায় মুরগির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে মুরগির দাম বাড়লেও ডিমের দাম কমেছে। ফার্মের বাদামি রংয়ের প্রতি হালি ডিমের ৫ টাকা কমে তা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

Related Posts

1 Comments Text
  • Heidi1441 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/oor1w
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »