• Home
  • দেশ
  • ছাগলনাইয়ায় ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি নাছির গ্রেপ্তার
Image

ছাগলনাইয়ায় ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি নাছির গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি নাছির উদ্দিন (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাগলনাইয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তৌফিক ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাছির উদ্দিন উপজেলার পূর্ব মধুগ্রাম এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, নাছির উদ্দিনের বিরুদ্ধে ছাগলনাইয়া ও লক্ষ্মীপুর সদর থানায় মাদক ব্যবসা, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় পাঁচটি মাদক মামলা, একটি ডাকাতি মামলা এবং একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর সদর থানায়ও তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছয়টিতে তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »