ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্ম ও বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ধর্মের নামে কেউ বিশেষ সুবিধা ভোগ করতে না পারে এবং সব নাগরিক সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করতে পারেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমঅধিকার ও উন্নয়নে কাজ করছে।
মির্জা ফখরুল বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং চার্চের ধর্মযাজকদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বল্প সময়ের মধ্যেই দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
সত্যরঞ্জন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গুরুকুল ভি কে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন।















