পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের মাঝে মোট ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পরিচালিত আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ডের অর্থায়নে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এ সহায়তা প্রদান করা হয়। এর আগেরও আরও ১ কোটি ৮৫ লাখ টাকা বিতরণ করা হয়
গত রোববার (১২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেল।
জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু এবং বিআরটিএ পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক আলী আহসান মিলন। এ সময় মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা যায়, চলতি বছরের গত পাঁচ মাসে পঞ্চগড়ে বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত হন। পরে নিহতদের পরিবারের সদস্যরা বিআরটিএর আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড তাদের আবেদন অনুমোদন করলে পাঁচটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
চেক গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন আল আমিন, আজাদ হোসেন, আজাদ হোসেন (২) , সাজেদা আক্তার এবং রিক্তা রানী। বি আর টি এ জানায় সম্প্রতি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে আরও এক কোটি ৮৫ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।



















