• Home
  • তথ্য প্রযুক্তি
  • বৃষ্টির তীব্রতা চট্টগ্রামে কমেছে, দাপট বাড়ার আশঙ্কা উত্তরাঞ্চলে: আবহাওয়া অধিদপ্তর
Image

বৃষ্টির তীব্রতা চট্টগ্রামে কমেছে, দাপট বাড়ার আশঙ্কা উত্তরাঞ্চলে: আবহাওয়া অধিদপ্তর

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অফিসে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ কথা জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ২-৩ দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, গত কয়েক দিনের তুলনায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত অর্ধেকে নেমে এসেছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় জারি করা সতর্কতা সংকেত শিগগিরই তুলে নেয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আমবাগানে ১০৬ মিমি। এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির মধ্যে রয়েছে যশোরে ৮৯ মিমি, বান্দরবানে ৮০ মিমি, রাঙামাটিতে ৭৭ মিমি এবং সিলেটে ৬৫ মিমি। অন্যান্য অঞ্চলের মধ্যে রাজশাহীতে ৬২ মিমি, সাতক্ষীরায় ৬১ মিমি, হাতিয়ায় ৫৫ মিমি, ঢাকায় ৪৬ মিমি, আরিচায় ৪২ মিমি, সৈয়দপুরে ৩৭ মিমি, ভোলায় ৩৪ মিমি এবং চট্টগ্রামে ২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যা পরিস্থতির সৃষ্টি হতে পারে।

দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি এই সময়ে গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »