• Home
  • দেশ
  • পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
Image

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলামের (১৬) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রা ব্যাপকভাবে এতে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »