• Home
  • দেশ
  • কাউনিয়ায় তিস্তা ভাঙন সহ ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা
Image

কাউনিয়ায় তিস্তা ভাঙন সহ ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সংরক্ষিত মহিলা আসন-১ (রংপুর) এর সংসদ সদস্য জীবা আমিনা খাতুন শুক্রবার কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা এবং চর হয়বৎ খাঁ ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এলাকা পরিদর্শন করেছেন।

শুক্রবার সকালে তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত পাঞ্জরভাঙ্গা এলাকায় চলমান নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, বসতভিটা হারানোর শঙ্কা এবং পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

পরে সংসদ সদস্য টেপামধুপুর ইউনিয়নের চর হয়বৎ খাঁ ইপিজেড এলাকা পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ইপিজেডের চলমান উন্নয়ন কার্যক্রম, কর্মসংস্থানের সম্ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় জীবা আমিনা খাতুন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।”

তিনি আরও বলেন, সরকার তিস্তা অববাহিকার মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং নদীভাঙনের স্থায়ী সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »