• Home
  • খেলা
  • মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: নিউইয়র্ক মেয়র মামদানি
Image

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: নিউইয়র্ক মেয়র মামদানি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় জয় ঘিরে বিতর্ক থামছেই না। রেফারির একাধিক সিদ্ধান্ত এবং ভিএআরের ব্যবহার নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেছে মিশর, তখন সেই বিতর্কে এবার যোগ দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মঙ্গলবারের ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি মিস করলেও পরে সমতাসূচক গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ১১ মিনিটে তিন গোল করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় আসে রেফারিং। মিশরের একটি গোল ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হয়, যা নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ্যকাররাও। এছাড়া মিশরের দাবি, তাদের পক্ষে সম্ভাব্য একটি পেনাল্টির ঘটনা ভিএআরে যাচাই-ই করা হয়নি।

ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়েন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি অভিযোগ করেন, তাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হয়নি এবং রেফারির সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার পক্ষেই গেছে।

হোসাম হাসান বলেন, ‘আমরা কোনো সম্মান বা ফেয়ার প্লে দেখিনি। আমাদের একটি পেনাল্টি বাতিল করা হয়েছে, আরেকটি সম্ভাব্য পেনাল্টি ভিএআরে দেখাই হয়নি। আমাদের দ্বিতীয় গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে। মনে হয়েছে রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল।’

এই বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শহরের নতুন বাস লেন প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি রসিকতার ছলে লেখেন, ‘নিউইয়র্কবাসী সময় বাঁচিয়ে বন্ধুদের সঙ্গে একমত হতে পারবে যে, গতকালের ম্যাচে মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে।’

মামদানির এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে ম্যাচটির রেফারিং নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »