• Home
  • দেশ
  • বর্ষায় থোকায় থোকায় কদম ফুলে সেজেছে কাউনিয়ার গ্রামবাংলা
Image

বর্ষায় থোকায় থোকায় কদম ফুলে সেজেছে কাউনিয়ার গ্রামবাংলা

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বর্ষার আগমনী বার্তায় রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ফুটেছে থোকায় থোকায় কদম ফুল। সাদা-হলুদ গোলাকার কদম ফুল আর তার মিষ্টি সুবাসে যেন নতুন রূপে সেজেছে গ্রামবাংলার প্রকৃতি। বিশেষ করে উপজেলার হরিশ্বর, গদাই ও পাঞ্জরভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের কদমগাছগুলো এখন বর্ষার সৌন্দর্যের অনন্য প্রতীক হয়ে উঠেছে। প্রকৃতিপ্রেমী মানুষ ও পথচারীদের দৃষ্টি কাড়ছে এই অপরূপ দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, আষাঢ়ের শুরুতেই কদমগাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। বর্ষণমুখর আবহাওয়া আর সবুজ প্রকৃতির সঙ্গে কদম ফুলের সৌন্দর্য এক অনন্য আবহ তৈরি করেছে। গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়েছে ফুলের স্নিগ্ধ সুবাস। বর্ষার ঐতিহ্যবাহী এই ফুল কবিতা, গান ও সাহিত্যের মতো বাস্তবেও প্রকৃতির সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে।

কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তা বলেন, “বাংলাদেশের ছয় ঋতুর প্রতিটিরই নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে বর্ষার সৌন্দর্যের অন্যতম প্রতীক কদম ফুল। আষাঢ়ের শুরুতেই কদম ফুল ফুটে প্রকৃতিকে নতুন সাজে সাজিয়ে তোলে। আমাদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে কদম ফুলের বিশেষ স্থান রয়েছে।”

কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আঃ কুদ্দুছ বলেন, “একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়িতেই কদমগাছ দেখা যেত। কিন্তু কাঠের বাণিজ্যিক মূল্য কম হওয়ায় এখন আগের মতো এই গাছ রোপণ করা হয় না। বর্তমানে যেসব গাছ রয়েছে, সেগুলোর বেশিরভাগই অবহেলায় বেড়ে উঠেছে। অথচ বর্ষার সৌন্দর্যকে প্রাণবন্ত করে তোলে এই কদম ফুলই।”

ভেষজ চিকিৎসক রজব আলী জানান, সৌন্দর্যের পাশাপাশি কদম গাছের রয়েছে ঔষধি গুণও। এর ছাল জ্বর নিরাময়ে ও পাতার রস কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। তিনি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও খোলা জায়গায় কদমগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »