Image

ব্যাংক হলিডে আজ, বন্ধ লেনদেন ও শেয়ারবাজার

সারাদেশে আজ ব্যাংক হলিডে পালিত হবে। এ উপলক্ষে দেশের সব ব্যাংকে সাধারণ লেনদেন বন্ধ থাকবে।বুধবার (১ জুলাই) একই কারণে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন কার্যক্রমও।

তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে, যেখানে শুধু প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কাজ চলবে।বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী হিসাব’ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ দিনটিকে অর্ধবছরের আর্থিক হিসাব-নিকাশের জন্য নির্ধারিত সময় হিসেবে ধরা হয়।

এ সময় ব্যাংক কর্মকর্তারা প্রতিটি শাখা থেকে হিসাব একত্র করে একটি অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করেন।এ জটিল ও সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাংকগুলো লেনদেন বন্ধ রেখে অভ্যন্তরীণ কার্যক্রমে মনোযোগ দেয়, তাই দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়।

ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার বন্ধ থাকবে। এটিএম কার্ডে শুধু নিজ ব্যাংকের লেনদেন চলবে, আন্তঃব্যাংক ট্রানজেকশন কার্যকর হবে না। তবে, চালু থাকবে এটিএম বুথ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ কিছু অনলাইন ব্যাংকিং সেবা।

ব্যাংক বন্ধ থাকায় স্টক মার্কেটের সব লেনদেনও স্থগিত থাকবে। কারণ, শেয়ারবাজারে লেনদেনের অধিকাংশ কার্যক্রম ব্যাংকিং চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে শেয়ারবাজারের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে বাজারও বন্ধ রাখতে হয়।

প্রতি বছরের ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের বার্ষিক হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। সে কারণেই ৩১ ডিসেম্বর দিনটিও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।এভাবে বছরজুড়ে দুইদিন- ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো লেনদেন বন্ধ রেখে অভ্যন্তরীণ আর্থিক সমন্বয়ে সময় ব্যয় করে থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »