সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের করিম শেখের দোকানের সামনে অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ হয়েছে।
আহত ব্যক্তি বিকাশ চন্দ্র দাস জানান, সকালে নিমতলার উদ্দেশ্যে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সুনীল বৈদ্যেও দুই ছেলে সুমন সরকার বৈদ্য ও সুভাষ বৈদ্য তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে বাড়ির ও স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ চন্দ্র দাস বলেন,জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলছিল। আজ আমি নিমতলায় যাওযার পথে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। তারা আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত সুমন সরকার এলাকায় নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত এবং তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
















