• Home
  • বিনোদন
  • গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে শুভেচ্ছা তৃষার, ছবি ভাইরাল
Image

গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে শুভেচ্ছা তৃষার, ছবি ভাইরাল

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়-অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে কয়েকদিন ধরে স্যোশাল মিডিয়ায় চলছিল নানা আলোচনা। বিশেষ করে বিজয়ের জন্মদিনে তৃষার নীরবতা অনেকের মনে প্রশ্নের জন্ম দেয়।

কেউ কেউ তাদের সম্পর্কের সমীকরণ নিয়েও জল্পনা শুরু করেন। তবে শেষ পর্যন্ত একটি পোস্টেই সেই সব গুঞ্জনের জবাব দিলেন তৃষা।সোমবার (২২ জুন) ছিল বিজয়ের ৫২তম জন্মদিন। সেদিন তৃষার পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা না আসায় ভক্তদের একাংশের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। নেটিজেনদের কেউ কেউ দাবি করতে থাকেন, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

তবে জন্মদিনের একদিন পরই নিজের স্যোশাল হ্যান্ডেলে বিজয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তৃষা। ছবিতে জন্মদিনের কেকের পাশে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে।

ছবির ক্যাপশনে তৃষা লিখেছেন, ‘যিনি সবকিছু সার্থক করে তোলেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

তৃষার এই বার্তা প্রকাশের পর ভক্তদের অনেকেই মনে করছেন, তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তার কোনো ভিত্তি নেই। বরং অভিনেত্রীর এই শুভেচ্ছাবার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করা প্রসঙ্গে জানা গেছে, তৃষা আসলে কখনো অভিনেতাকে ফলো করতেনই না। ফলে আনফলো করার প্রশ্নও অবান্তর।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বাঁধেন বিজয়। কিছুদিন আগেই খবর ছড়ায়, ওই সংসার নাকি ভেঙে গেছে। তার আগে থেকেই তৃষার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

বিশেষ করে কিছুদিন আগে তামিলনাড়ুর নির্বাচনের সময় বিজয়ের সমর্থনে তৃষার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার জন্মদিনে ‘প্রেমময়’ ছবি দিয়ে যেন সম্পর্কের গুঞ্জন আরো পাকা করলেন দুজনে।

তৃষা ও বিজয় এর আগে ঘিল্লি, থিরুপাচি, আধি, কুরুভি এবং সর্বশেষ দ্য গ্রেটেস্ট অব অল টাইম ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে ব্যক্তিগত কিংবা পেশাগত—দুই ক্ষেত্রেই এই দুই তারকাকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »