• Home
  • আন্তর্জাতিক
  • ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়েও দুর্বল অবস্থায়: ওবামা
Image

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়েও দুর্বল অবস্থায়: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সংঘাত শুরুর আগের চেয়েও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।শুক্রবার (১৯ জুন) শিকাগোতে ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টারের উদ্বোধন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ওবামা বলেন, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু এসব ত্যাগের বিনিময়ে উল্লেখযোগ্য কোনো অর্জন হয়নি।

তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে এসেছে, বরং পরিস্থিতি এখন আরও জটিল ও খারাপ।ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ওবামা দুই হাজার পনেরোর পারমাণবিক চুক্তি বাতিলের সমালোচনা করেন।

তিনি বলেন, ওই চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, নতুন শান্তি উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। তাঁর মতে, ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে এবং জ্বালানির দামও কমার প্রবণতা দেখা যাচ্ছে।

তবে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ভবিষ্যতের যেকোনো আলোচনায় তেহরানের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে। অন্যথায় কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ বেড়েছে। জ্বালানি খাতের এক শীর্ষ কর্মকর্তা নিল চ্যাপম্যান সতর্ক করে বলেছেন, কৌশলগত মজুত সংকটজনক পর্যায়ে পৌঁছালে প্রতি ব্যারেল তেলের দাম একশ পঞ্চাশ থেকে একশ ষাট ডলার পর্যন্ত উঠতে পারে।

সাক্ষাৎকারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় রাখা জরুরি। আর সেই দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে। বর্তমান অস্থির সময় মোকাবিলায় গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণের চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সূত্র: এবিসি নিউজ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »