নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মামুন আলী (৩০) নামের এক চোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার হামিদকুড়া গোচর গ্রামেতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমা ও তার চুরির চেষ্টা করেন মামুন আলী। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন জানান, মামুন দীর্ঘদিন ধরে মাদকের নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন। নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। তাদের এক মেয়ে ও এক ছেলে ( রয়েছে।
এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং চলছিল। এই সুযোগে রাতের কোনো এক সময়ে বিদ্যুতের খুঁটিতে উঠে মামুন। খুঁটিতে থাকা তার চুরির চেষ্টা করেন। এ সময় খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।














