ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ উষ্ণভাবে স্বাগত জানিয়েছে।সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে স্বাগত জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদ্ভাবে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ বিশ্বাস করে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সকল পক্ষকে এই গতিকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।













