পঞ্চগড় প্রতিনিধি: সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে পঞ্চগড়েও বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা পরিষদ শনিবার এক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।জানা যায় সরকারের ঘোষনা অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীকে সামনে রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ধামোর সড়কের কিছু এলাকায় গাছ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাকিল আর রউফ, উপ-সহকারী প্রকৌশলী বিকাশ রায়সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিরা।
জানা যায় জেলা পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় পঞ্চগড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।



















