মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানে নেদারল্যান্ডসকে আটকে দেন মারুফা আক্তার-ঋতু মনিরা। জবাবে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটিতে ভর করে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নিগার সুলতানা জ্যোতির দল।বাংলাদেশ ক্রিকেট
১৪০ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জুয়াইরিয়া জয়ের ভিত গড়ে ফেরেন। এরপর জ্যোতি ও সোনহানা মোস্তারি শূন্য ও ৪ রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে টিম টাইগ্রেস।
পড়ে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অপরাজিত ৩৭ ও ১৭ রানে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। দারুণ জয়ের ম্যাচে আরেক ওপেনার দিলারা আক্তার খেলেন ২৩ বলে ২৬ রানের একটি ইনিংস।ডাচদের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।
ম্যাচের শুরুতে ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিকে উইকেট হারিয়ে ৭৬ রানেই সাজঘরে ফেরেন ৫ ডাচ ব্যাটার। কিন্তু ৩ নম্বরে নামা অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে গেছেন। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি। বাকিদের আসা যাওয়ার মিছিলের ভীড়ে ৪৫ বলে ৫ চারে করেছেন ঠিক ৫০ রান। তবে তার বিদায়ের পর আবারও একই চিত্র। মন্থর হয় রানের গতি। কিন্তু শেষের দিকে কিছু ছোট ছোট ইনিংসে ১৩৯ পর্যন্ত চলে যায় নেদারল্যান্ডস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি।
















