গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ও ক‚র্শা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র দুইটি দীর্ঘদিন বন্ধ থাকায় জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়। এর পর গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে চালু করা হয়েছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র দুটি। এতে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সহজ হয়েছে।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে কেন্দ্র দুটি কার্যত বন্ধ থাকায় সাধারণ মানুষকে চিকিৎসাসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর জেলা শহরে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। এ অবস্থায় বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে কেন্দ্র দুটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়। বর্তমানে কেন্দ্র দুটিতে সাধারণ রোগের চিকিৎসা, মাতৃসেবা, শিশুস্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা পরামর্শ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। ফলে এলাকার মানুষ সহজেই চিকিৎসাসেবা পাচ্ছেন। টেপামধুপুর ইউনিয়নের বাসিন্দা আচিয়া বেওয়া বলেন, “আগে সামান্য চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হতো। এখন এলাকায় স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় অনেক সুবিধা হচ্ছে।” ক‚র্শা ইউনিয়নের বংকিম চন্দ্র বলেন, “দীর্ঘদিন কেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার মানুষের অনেক কষ্ট করতে হয়েছে। এখন কেন্দ্রটি চালু হওয়ায় এলাকার মানুষ উপকৃত হবে। নিয়মিত চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হলে সেবার মান আরও বাড়বে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবিব বলেন, “স¤প্রতি আমি এখানে যোগদান করেছি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র দুটি চালু করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্র দুটির কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমের ইতিবাচক সংবাদ প্রকাশ করায় প্রশংসা করে কেন্দ্র দুটিতে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।















