• Home
  • জাতীয়
  • সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান : প্রধানমন্ত্রী
Image

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখনই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৩ জুন) বেলা তিনটায় ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, একটি সুন্দর পরিবেশে তারা যেন শ্বাস নিতে পারে—এই চিন্তা থেকে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করুন।”

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ অভিযান সফল করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। “আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিষ্কার ও নিরাপদ পরিবেশ উপহার দেই,” বলেন তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বছরে অন্তত পাঁচ কোটি এবং পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, নিজ নিজ জেলাকে সবুজ ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শেষে তিনি বলেন, “আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করি, ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিষ্কার বাতাসে জীবনযাপন করতে পারে—সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »