• Home
  • খেলা
  • বদলি নেমেই মেসির গোল, বড় জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা
Image

বদলি নেমেই মেসির গোল, বড় জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা

ম্যাচের তখন ৬৯.০৪ মিনিট, বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই অসাধারণ এক পাস বাড়ালেন লাওতারো মার্তিনেজের প্রতি। মার্তিনেজ গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করার আগমুহূর্তে তাঁকে ফাউল করেন আইসল্যান্ড গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। বল যখন জালে জড়ায়, তখন ম্যাচের সময় ৭১.০৩ মিনিট। অর্থাৎ মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। এ যেন এলাম, দেখলাম এবং জিতলাম! এ যেন ‘মেসি–মোমেন্ট’!

মেসির এই গোলের আগে আর্জেন্টিনার হয়ে প্রথমার্ধে গোল করেন ভ্যালেন্তিন বারকো। আর ম্যাচের শেষ দিকে মেসির তৈরি করা আক্রমণে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতল ৩–০ গোলে। এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২–০ গোলে হারায় আর্জেন্টিনা।

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার এই শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডও গোলের সুযোগ পেয়েছে। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি আর্জেন্টিনার হাতেই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা ৭ মিনিটেই গোলের সুযোগ পায়।

ভালো খেলতে থাকা জোসে ম্যানুয়েল লোপেজ প্রতিপক্ষের বক্সের কাছাকাছি ফাউলের শিকার হন। এরপর ফ্রি–কিক থেকে জিওভানি লো সেলসো ছোট একটি পাস বাড়িয়ে দেন ফাকুন্দো মেদিনার কাছে। তিনি দূরের পোস্ট লক্ষ্য করে ক্রস পাঠান, আর সেখানে হেডে বল নামান অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

পরিস্থিতি তখন বেশ এলোমেলো। গিওলিয়ানো সিমিওনে কিংবা লিসান্দ্রো মার্তিনেজের কেউই পরিষ্কারভাবে শট নিতে পারেননি। আইসল্যান্ডের রক্ষণভাগ কোনোরকমে বল বিপদ–মুক্ত করার চেষ্টা করে, কিন্তু বল গিয়ে পড়ে বক্সের ঠিক বাইরে অপেক্ষায় থাকা ভ্যালেন্তিন বারকোর কাছে।

একমুহূর্তও দেরি না করে বারকো জোরালো শট নেন। বল সোজা জালের ডান দিকের নিচের কোণে গিয়ে জড়িয়ে যায়। গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন সর্বোচ্চ চেষ্টা করে হাত বাড়িয়েও বলের নাগাল পাননি। দুর্দান্ত সেই ফিনিশে আর্জেন্টিনাকে এগিয়ে দেন বারকো।

জাতীয় দলের হয়ে এটি বারকোর দ্বিতীয় গোল। গত মার্চে জাম্বিয়ার বিপক্ষেও একবার গোলের দেখা পেয়েছিলেন তিনি। এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোলের দেখা পায়নি তারা।

বিরতির পরও আধিপত্য ছিল আর্জেন্টিনার। দলীয় সমন্বয়ের মাধ্যমে একাধিক সুযোগও তৈরি করে। এ সময় ফিনিশিংয়ে একাধিকবার ব্যর্থ হন লাওতারো মার্তিনেজ। ম্যাচে ৬৯ মিনিটে তুমুল হর্ষধ্বনির মধ্যে মেসি মাঠে নেমেই তৈরি করেন পেনাল্টির সেই মুহূর্ত। শেষ দিকে তৃতীয় গোলের ভিত্তিও তৈরি করে দেন মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »