• Home
  • আন্তর্জাতিক
  • পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত
Image

পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত

পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ভারত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারণ করেছে। বর্তমানে ভারতের কাছে মোট ১৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা পাকিস্তানের তুলনায় ২০টি বেশি। পাকিস্তানের হাতে রয়েছে ১৭০টি ওয়ারহেড।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের মোট অস্ত্রভাণ্ডারের মধ্যে অন্তত ১২টি পারমাণবিক অস্ত্র ইতিমধ্যে সরাসরি মোতায়েন অবস্থায় রয়েছে। গবেষণা সংস্থাটির মতে, ভারতের পারমাণবিক কৌশল এখন শুধু পাকিস্তান নয়, বরং চীনের মতো বৃহৎ প্রতিদ্বন্দ্বীকে লক্ষ্য করেও দীর্ঘপাল্লার সক্ষমতা বাড়ানোর দিকে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে পাকিস্তানও নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। আগামী এক দশকে দেশটির অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারিত হতে পারে বলে প্রতিবেদনে ধারণা দেয়া হয়েছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার বিষয়টিও উল্লেখ করা হয়। কাশ্মীরের পহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সীমান্তের ওপারে অভিযান চালায়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় বলে জানায় এসআইপিআরআই।

বর্তমানে বিশ্বে মোট নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে—যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা প্রায় ১২ হাজার ১৮৭টি। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ৮৩ শতাংশ, রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »