হামে টিকা কার্যক্রমে ব্যর্থতা ও শিশু মৃত্যুর অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের বিচারক মামলাটি খারিজের আদেশ দেন।
এর আগে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।
মামলায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছিল। অন্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মামলার অভিযোগে বলা হয়, হামের টিকা যথাসময়ে আমদানি না করায় দেশে টিকা সংকট তৈরি হয় এবং এর ফলে শত শত শিশুর মৃত্যু ও হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে।
আরও বলা হয়, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় টিকা আমদানিতে বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতার কারণে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, আগে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি করা হলেও পরবর্তীতে প্রক্রিয়াগত পরিবর্তনের কারণে টিকা সরবরাহে জটিলতা তৈরি হয়।













