ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাস স্ট্যান্ডে আসছিল। পথে বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই শিশুসহ বাসের চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

















