Image

বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে বিকালে

দেশে বিদ্যুতের পাইকারি, খুচরা ও সঞ্চালন পর্যায়ের নতুন মূল্যহার আজ বুধবার (৩ জুন) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবিপিএলসি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকোর মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্যুতের গড় মূল্য প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। নতুন ট্যারিফ চলতি জুন মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি রয়েছে। ‘লাইফ লাইন’ ক্যাটাগরির আওতায় থাকা শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আপাতত কোনো মূল্যবৃদ্ধি করা হচ্ছে না। তারা আগের সুবিধাই ভোগ করবেন।

বিইআরসির একাধিক সূত্র জানিয়েছে, ঈদুল আজহার ছুটির আগেই মূল্য সমন্বয়ের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে করা বিভিন্ন সংস্কার শর্তের অংশ হিসেবেই বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে দুই মাস আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। কমিটি ইউনিটপ্রতি ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত মূল্য বাড়ানোর সুপারিশ করে।

এর আগে মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে দুই দিনব্যাপী গণশুনানিতে অংশ নেয় দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। তাদের প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়।

প্রস্তাবে পিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়।

অন্যদিকে বিইআরসির কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। কমিশন শেষ পর্যন্ত সেই সুপারিশের কাছাকাছি সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

বিইআরসির এক কমিশনার জানিয়েছেন, গ্রাহকদের ব্যবহারভিত্তিক ধাপে ধাপে মূল্য নির্ধারণ করা হবে। ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য তুলনামূলক কম হারে দাম বাড়ানো হতে পারে। ২০০ থেকে ৪০০ ইউনিট এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার আরও বেশি হতে পারে। সবচেয়ে বেশি চাপ পড়বে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *