নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। মঙ্গলবার (২ জুন) পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১৭ হাজার ৬৮৯ জন হাজি দেশে ফিরেছেন।
একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজ শেষে নির্ধারিত তিনটি বিমান সংস্থা ফিরতি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ১০টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে সাউদিয়া এয়ারলাইনস এবং ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে ফ্লাইনাস।
হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।
এদিকে সৌদি আরবে মৃত্যুবরণ করা ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। স্থানভিত্তিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩২ জন পবিত্র মক্কা নগরীতে এবং ১০ জন মদিনা শহরে মারা গেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশের হজ কার্যক্রম শুরু হয় এবং ২১ মে তা শেষ হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হজ শেষে ধাপে ধাপে দেশে ফিরছেন হাজিরা। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ফিরতি ফ্লাইট পরিচালনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।














