নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে আবদুল বারী নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগে আমির হোসেন চন্দ্র (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে নগরীর আইডি বাগানপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার চন্দ্র হত্যামামলার দুই নম্বর আসামি বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে শনিবার সন্ধ্যায় রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় পাশ্ববর্তী চন্ডিপুর এলাকার কিছু বখাটে টাকা ভাঙাতে বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙতি নেই জানালে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রল বোমা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রোববার হত্যামামলা দায়ের করেন। মামলায় এজহারভুক্ত ২০ জন আসামির নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাত ২০ থেকে ৩০ জন কে আসামি করা হয়েছে। এ মামলার দুই নম্বর আসামি হিসেবে চন্দ্র নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।


















