• Home
  • দেশ
  • বরগুনায় ইটভাটা মালিকের সংবাদ সম্মেলন
Image

বরগুনায় ইটভাটা মালিকের সংবাদ সম্মেলন

চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা, গুম-খুনের হুমকির অভিযোগ

হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ জমি দখলদারদের হাত থেকে জমি ও জীবন রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার ভূতমারা এলাকার ইটভাটার মালিক সুভাষ চন্দ্র ঘোষ। চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা এবং গুম-খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সুভাষ চন্দ্র ঘোষ।

লিখিত বক্তব্যে সুভাষ চন্দ্র ঘোষ বলেন, তিনি বরগুনার ঐতিহ্যবাহী জ্ঞান রঞ্জন ঘোষ পরিবারের উত্তরসূরি। তাঁর পূর্বপুরুষরা প্রায় ১২০ বছর ধরে বরগুনার বিভিন্ন ব্যবসা ও উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন।

তিনি আরও বলেন, পূর্বপুরুষদের ধারাবাহিকতায় তিনি ও তাঁর ছোট ভাই স্বপন কুমার ঘোষ বরগুনা শহরের খাকদোন নদীর উত্তর পাড়ের ভূতমারা গ্রামে বড় গৌরীচন্না মৌজায় ২১৯৩,১৪৫৫, ১৫১৮, ১৯৭৩,২১৮৯ খতিয়ানে প্রায় ৯ একর রেকর্ডীয় জমিতে দীর্ঘ ৩৫ বছর ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি দুই ভাই শারীরিক অসুস্থতার কারণে ইটভাটার ব্যবসা বন্ধ করে বরগুনার আবাসন সমস্যার কথা বিবেচনায় নিয়ে ওই জমিতে হাউজিং ব্যবসা শুরু করেন।

সুভাষ চন্দ্র ঘোষের অভিযোগ, সম্প্রতি ওই এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাস তাঁর দলবলসহ তাঁদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা এবং গুম-খুনের হুমকি দেওয়া হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের ওই জমিতে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভেকু দিয়ে মাটি কেটে জমি দখলের চেষ্টা করা হয়। পরদিন সকালে প্রকল্পের স্টাফদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তিনি।

ঘটনার পর সুভাষ চন্দ্র ঘোষ বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।তিনি আরও অভিযোগ করেন, বিপ্লব বিশ্বাস ও তাঁর সহযোগী হিসেবে উল্লেখ করা কালাম, সেন্টু, ডলার, লিমন, আসাদ, সবুজ, হারুন, আব্বাসসহ আরও কয়েকজন যেকোনো সময় তাঁদের জমি দখল এবং গুম-খুন করতে পারে। এ কারণে তিনি ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে সুভাষ চন্দ্র ঘোষ তাঁর জমি রক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »