শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর। আট দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এশিয়া কাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তার আগে গতকাল মিরপুরে হয়েছে দলের অফিশিয়াল ফটোসেশন। এরপর সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে নিজেদের লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের আসরে সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য বলে জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।
টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট জ্যোতি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দেশে ফ্লাডলাইটের নিচে অনুশীলন ম্যাচ খেলার বিষয়টি উল্লেখ করে জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’
এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য এবার ফাইনাল। সাম্প্রতিক সময়ে বারবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা এবার কাটাতে চান জ্যোতিরা। অধিনায়ক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’
সেমিফাইনালের বাধা পেরোতে পারলে ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে, আর সেখান থেকে শিরোপার স্বপ্নও দেখা যাবে বলে মনে করেন জ্যোতি। তিনি বলেন, ‘সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না কোনো জায়গায়। আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’
এশিয়া কাপের পরই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের। গত আসরে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ এবার আরও বড় কিছু অর্জনের প্রত্যাশা করছে। জ্যোতি এশিয়ান গেমস নিয়ে বলেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব, অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি, সেটা একটা বিষয়। আর সেটা যদি স্বর্ণ হয়, সেটা আরও বেশি বড় হবে।’
এবারের এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ২৯ আগস্ট স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে জ্যোতির দল। এর আগে সর্বশেষ আসরেও সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি। এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেই আসরে ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ।


















