পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য, সাথী ও কর্মীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা ইকবাল হোসাইন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন, সাইয়েদ নুরে আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. রাসেদ ইসলাম।
বক্তারা সংগঠনের সাবেক সদস্য, সাথী ও কর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















