আশুলিয়ায় লাশ পোড়ানো: সাবেক এমপিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
49

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, পরোয়ানা জারি হওয়া বাকি চারজন পুলিশ কর্মকর্তা। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি। এদিন বিচারক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেছেন।

আদেশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “গত ৫ আগস্ট আশুলিয়ায় পাঁচজন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। এরপর তাদের লাশ চ্যাংদোলা করে ভ্যানে উঠিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু কর্মকর্তার নাম পাওয়া গেছে।”

NO COMMENTS

LEAVE A REPLY