• Home
  • খেলা
  • বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া
Image

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বাংলাদেশ। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে আয়োজিত ‘ঢাকা ইন্টার-স্কুল চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে এমন আশার কথা শোনান নব্বইয়ের বিশ্বকাপের অন্যতম আলোচিত এই তারকা।

ঢাকা আন্তস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে এসেছিলেন ক্যানিজিয়া। বৃষ্টির কারণে অবশ্য পুরো ফাইনাল ম্যাচটি দেখা হয়নি তার। ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে (বিআইটি) হারিয়ে শিরোপা জেতে নৌবাহিনী কলেজ।

বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া সব সময়ই কঠিন। তবে আমি আশা করি, বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো করবে এবং এগিয়ে যাবে। বিশ্বকাপে এখন ৪৮টি দল খেলছে। ভবিষ্যতে হয়তো আরও বেশি দল খেলবে। ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হতে পারে। আমার বিশ্বাস, বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে।

তিনি বলেন, ‘ফুটবল কেবল ভাগ্যের খেলা নয়। এটা কঠোর শৃঙ্খলা, সঠিক প্রস্তুতি আর মানসিক দৃঢ়তার সমীকরণ। কোনো সংক্ষিপ্ত পথ নেই- কোচের কথা শোন, নিজেদের ওপর বিশ্বাস রাখ এবং প্রতিদিন সেরাটা দাও।’

বাংলাদেশে এসে আর্জেন্টিনার প্রতি মানুষের ভালোবাসায় মুগ্ধ ক্যানিজিয়া। ১৯৮৬ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করে আসছে বলেও জানান তিনি। বাংলাদেশের সমর্থকদের আবেগকে অন্য দেশগুলোর তুলনায় আলাদা মনে হয়েছে তার।

সাবেক এ ফরোয়ার্ড আরও বলেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা বাংলাদেশের মানুষ কীভাবে উপভোগ করে—টেলিভিশনে সে দৃশ্যগুলো দেখেছি। তাই এখানে এসে এত আর্জেন্টিনা সমর্থক দেখে আমি অবাক হইনি।’ক্যানিজিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থক আছে; কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়।’

ক্যানিজিয়ার নামের সঙ্গে জড়িয়ে আছে ১৯৯০ ইতালি বিশ্বকাপের অমর স্মৃতি। ব্রাজিলের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার পাস থেকে গোল আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

ম্যারাডোনার প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে ক্যানিজিয়া বলেন, ‘দিয়েগো আমার বন্ধু ছিল। আমরা আর্জেন্টাইনরা তাকে অনেক মিস করি। জাতীয় দলে আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। আমি তার চেয়ে কিছুটা ছোট ছিলাম, তাই ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছি। বোকা জুনিয়র্সে তার সঙ্গে খেলাটাও ছিল দারুণ অভিজ্ঞতা।’

এদিকে ২০৩০ বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না, সে প্রশ্নেও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ক্যানিজিয়া। তিনি বলেন, ‘মেসির জন্য ২০৩০ বিশ্বকাপে খেলা কঠিন হবে। আমার মনে হয় না, সে খেলবে। এ ধরনের খেলোয়াড়দের পাশে সব সময় দৌড়াতে পারে—এমন খেলোয়াড় প্রয়োজন। সে ফুটবলের একজন জিনিয়াস। তাই সে চাইলে এটা করতে পারে। তবে তার ইচ্ছা আছে কি না, সে খেলতে চায় কি না—সেটাই বিষয়। কিন্তু সে চাইলে অবশ্যই পারবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »