• Home
  • খেলা
  • সহিংসতায় রূপ নিল পিএসজির বিজয় উচ্ছ্বাস, গ্রেপ্তার ৪ শতাধিক ফ্রান্সজুড়ে
Image

সহিংসতায় রূপ নিল পিএসজির বিজয় উচ্ছ্বাস, গ্রেপ্তার ৪ শতাধিক ফ্রান্সজুড়ে

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ঐতিহাসিক শিরোপা জয়ের উচ্ছ্বাস ফ্রান্সের বিভিন্ন এলাকায় সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান চালিয়ে ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত মোট ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে।

পিএসজির জয়ের পর হাজারো সমর্থক প্যারিসের রাজপথে নেমে উদযাপনে অংশ নেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করা হচ্ছে। কোথাও মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেয়া হয়েছে। এছাড়া কয়েকটি দোকান ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সহিংসতায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান – একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ এসব ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন এবং সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও পিএসজির ইউরোপীয় শিরোপা উদযাপনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষে দুজন নিহত হন, যাদের মধ্যে একজন ছিলেন ১৭ বছর বয়সী কিশোর।

এদিকে রোববার রাজধানী প্যারিসে পিএসজি খেলোয়াড়দের নিয়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *