স্পোর্টস ডেস্ক-প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্ক স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের ইনিংস গড়ে তোলে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে ১৫২ রানে অলআউট হয়।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৫৮ রান করেন তানজিদ হাসান তামিম। সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে শেষ ওভারের প্রথম চার বলে টানা ছক্কা হাঁকান তিনি। ইয়াসির রাব্বি ১২ বলে ২২ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই তাদিওয়ানাশে মারুমানিকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। লেগ স্পিনার রিশাদ হোসেন ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। অপর স্পিনার শেখ মেহেদি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। সিকান্দার রাজা ২৮, ব্রাড ইভান্স ২৫ ও রায়ান বার্ল ২২ রান করেন।
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না। দারুণ এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।

















